পাবনায় ভাইয়ের হাতে ভাই খুন
পারিবারিক বিরোধের জের ধরে পাবনায় ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে একজনের মৃত্যু হয়েছে।
পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের পালপাড়ায় রোববার রাতের এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে সদর থানার পরিদর্শক আব্দুল কুদ্দুস জানান।
নিহত তজিমউদ্দিন মোল্লা (৬০) ওই গ্রামের মৃত জেহেদ আলী মোল্লার ছেলে।
পরিদর্শক কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে তজিমউদ্দিনের সঙ্গে তার ছোট ভাই বেলাল হোসেনের বিরোধ চলছিল।
এ নিয়ে রাত সাড়ে ৯টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে বেলাল ধারালো অস্ত্র দিয়ে বড় ভাইকে এলোপাথারি কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় অপর তিন ভাই মন্তাজ আলী, মোতালেব হোসেন ও মোস্তফা কামাল এবং তাদের স্ত্রীরা এগিয়ে এলে বেলালের হামলায় তিন ভাই ও তাদের একজনের স্ত্রী আহত হন।
প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর থেকে বেলাল পালিয়ে যান জানিয়ে পরিদর্শক কুদ্দুস বলেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
