২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মাদক বিক্রির মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রির মামলায় এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2016, 07:49 PM

Updated : 20 Aug 2022, 01:16 PM

একই মামলায় আরও একজনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এসএম ওয়াজেদ আলী খোকন জানান।

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

১০ বছরের দণ্ডপ্রাপ্ত হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৪)। একইসঙ্গে তাকে এক লাখ জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাঁচ বছর দণ্ডপ্রাপ্ত হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইব্রাহিমপুর এলাকার মো. শুক্কুর মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৪২)। তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান, ২০১৫ সালের ৫ এপ্রিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নয়াআঁটি এলাকায় সৌদিয়া ভিলায় ক্রেতা সেজে ৫০ হাজার ইয়াবাসহ বিক্রেতা শফিকুল ইসলাম ও দেলোয়ার হোসেনকে আটক করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির আট হাজার টাকা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

এ ঘটনায় র‌্যাব-১১ এর ডিএডি মোহাম্মদ রিয়াজ উদ্দিন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন বলে জানান তিনি।