২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি শফিউলের ‘আশ্রয়দাতা’ মাদ্রাসা শিক্ষক রিমান্ডে

কিশোরগঞ্জের শোলাকিয়ায় চিহ্নিত হামলাকারী শফিউল ইসলামকে আশ্রয় দেওয়ার অভিযোগে আটক গাইবান্ধার গোবিন্দগঞ্জের মাদ্রাসা শিক্ষক মো. আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পাঠিয়েছে আদালত।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2016, 06:14 PM

Updated : 12 Apr 2022, 02:31 AM

রোববার গোবিন্দগঞ্জের জ্যেষ্ঠ বিচারকি হাকিম এস এম তাসকিনুল হক এ আদেশ দেন বলে গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান।

তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ মাদ্রাসা শিক্ষক আনোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন করেন। শুনানি শেষে পাঁচ দিন মঞ্জুর করেন বিচারক।

“রিমান্ডে তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।”

আনোয়ার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের পান্থাপাড়ার মৃত হাকিম উদ্দিন আকন্দের ছেলে ও উপজেলার খলসি দাখিল মাদ্রাসার এবতেদায়ি শাখার প্রধান শিক্ষক।

শুক্রবার ভোর রাতে আনোয়ারকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ থানায় তাকে হস্তান্তর করে র‌্যাব।

ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামায়াতের কাছে পুলিশের উপর হামলার পর গ্রেপ্তার মাদ্রাসাছাত্র শফিউল বলেছিলেন, গোবিন্দগঞ্জে আনোয়ারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন তিনি।

শফিউলের (২২) বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাটে। তিনি পড়েন দিনাজপুরের বিরামপুর উপজেলার বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসায়।

শফিউলকে গ্রেপ্তারের পর র‌্যাব-১৪ এর কর্মকর্তা মেজর সাইফুল সাজ্জাদ সাংবাদিকদের বলেছিলেন, আলিম পরীক্ষা শেষ না করেই ‘ওস্তাদের নির্দেশে অ্যাসাইনমেন্ট নিয়ে’ কিশোরগঞ্জে গিয়েছিলেন এই তরুণ।

শফিউল গোবিন্দগঞ্জে মাদ্রাসা শিক্ষক আনোয়ারের বাড়িতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত ছিলেন বলে র‌্যাব কর্মকর্তারা জানান।

পুরনো খবর:

শোলাকিয়ার হামলাকারীর ‘আশ্রয়দাতা’ মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার