২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা ধর্মঘটে

সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবিতে দলিল লেখকদের কর্মবিরতিতে গোপালগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসে অচলাবস্থা দেখা দিয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2016, 05:04 PM

Updated : 20 Aug 2022, 01:16 PM

গোপালগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার হেলেনা পারভিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এনে গত ২৯ জুন থেকে অফিসের দলিল লেখকরা কোনো কাজ না করে অফিসের সামনে অবস্থান ধর্মঘট পালন করে আসছেন।

ফলে সব ধরনের রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন রেজিস্ট্রেশন করতে আসা জমির দাতা ও গ্রহীতারা।

সাব-রেজিস্ট্রারকে অপসারণের দাবিতে মহাপরিচালকের (নিবন্ধন) কাছে জেলা রেজিস্ট্রারের মাধ্যমে একটি স্মারকলিপিও দিয়েছে গোপালগঞ্জ দলিল লেখক সমিতি।

জেলা দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল মান্নান মোল্লা বলেন, সাব-রেজিস্ট্রার হেলেনা পারভিন গত ২ মে গোপালগঞ্জ সদর সাব রেজিস্ট্রি অফিসে যোগ দেন। তিনি এসেই সাব রেজিস্ট্রি অফিসকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন।

“দলিল রেজিস্ট্রি করতে গেলে  বিভিন্ন নিয়মের কথা বলে কালক্ষেপণ করেন। খাসকামরায় গিয়ে টাকার বিনিময়ে দলিল সম্পাদন করে দেন।”

তিনি বলেন, “আমরা এ দুর্নীতিবাজ সাব রেজিস্ট্রারের অপসারণ চাই। তাকে অন্যত্র বদলি করা না করা পর্যন্ত আমরা দলিল লেখা বন্ধ করে আন্দোলন চালিয়ে যাব।”

এদিকে, দলিল লেখকদের আন্দোলনের মধ্যেই সাব-রেজিস্ট্রার হেলেনা পারভিন ১৫ দিনের ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন।

দলিল করতে আসা সদর উপজেলার ডালনিয়া গ্রামের বশার মোল্লা বলেন, “গত ২৫ দিন ধরে সাব রেজিস্ট্রি অফিসে ঘুরছি। কিন্তু দলিল করতে পারছি না। প্রতিদিন আসছি, আর  ফিরে যেতে হচ্ছে। এ ভোগান্তির শেষ কবে হবে জানি না।”

জেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি ফায়েকুজ্জামান বলেন, গোপালগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসের আওতায় ২১ ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। সপ্তাহের তিন দিন এখানে দলিল সম্পাদিত হয়।

“প্রতি সপ্তাহে এ অফিসে ২০০ থেকে ২৫০ টি দলিল রেজিস্ট্রি হয়। আন্দোলনের কারণে রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ থাকায় সরকার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে “

এ বিষয়ে হেলেনা পারভিন বলেন, “জমির খাজনা রশিদ ও প্রকৃত কাগজপত্র জমা নিয়ে দলিল সম্পাদনের নিয়ম চালু করতে গিয়েই আমি দলিল লেখকদের রোষানলে পড়েছি।

“জমির মূল কাগজপত্র দেখে রেজিস্ট্রি করার বিধান রয়েছে। আমি সেই বিধান প্রতিপালন করি। এতে দলিল লেখকদের সমস্যা হচ্ছে।”

গোপালগঞ্জ জেলা রেজিস্ট্রার মো. আনোয়ারুল হক চৌধুরীর বলেন, “সাব-রেজিস্ট্রার ও দলিল লেখক নেতাদের নিয়ে বেশ কয়েকবার বসে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।”

দলিল করতে আসাদের দুর্ভোগ থেকে রক্ষায় টুঙ্গিপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রারকে সপ্তাহে ২ দিন সদর সাবরেজিস্ট্রি অফিসে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, “সদর সাব-রেজিস্ট্রার হেলেনা পারভিনের ব্যাপারে আমার কাছে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে আমার মাধ্যমে মহাপরিচালক বরাবরে একটি স্মারকলিপি দিয়েছে দলিল লেখক সমিতি।”

স্মারকলিপিটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দিয়েছেন বলে জানান আনোয়ারুল হক।