প্রধান শিক্ষকের বিরুদ্ধে হামলার অভিযোগ
নোয়াখালীর একটি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের নেতৃত্বে হামলায় আট শিক্ষককে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
হাতিয়া উপজেলার চরকিং বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর সাদেককে অনিয়ম-দুর্নীতির অভিযোগে চিঠি দিয়ে পাঠদান থেকে বিরাত থাকতে বলার কারণে তিনি ক্ষুব্ধ হয়ে হামলা চালান বলে অভিযোগ।
হাতিয়ার সাবেক সংসদ সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী বলছেন, উপবৃত্তির টাকা আত্মসাৎ ও ছাত্রীদের যৌন হয়রানিসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক আকবর সাদেককে কয়েকবার লিখিতভাবে সতর্ক করা হয়।
“এতেও তার মধ্যে কোনো পরিবর্তন না আসায় কমিটি তাকে পাঠদান থেকে বিরত থাকতে বলেছিল। এ কারণে প্রধান শিক্ষক তার লোকজন নিয়ে বিদ্যালয়ে হামলা করেন বলে ধারণা করা হচ্ছে।”
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফখরুল ইসলাম কাজল বলছেন, “অর্ধশতাধিক লোক নিয়ে এসে প্রধান শিক্ষক আমাদের উপর হামলা করেন।
“হামলায় বিদ্যালয়ের ১৮ জন শিক্ষকের মধ্যে সবাই কমবেশি আহত হয়। তাদের মধ্যে বেশি আহত আটজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন জহির উদ্দিন (৪২), প্রবীর মজুমদার (৪০), ফখরুল ইসলাম কাজল (৪৬), বীরেন্দ্র কুমার দাস (৩৬), নেভী রানি দাস (৪৭), সাইফুল ইসলাম (৪০), প্রিয়লাল দাস (৫৭) ও মোহাম্মদ ফয়জুর রহমান (৪৮)।
এছাড়া হামলাকারীরা শিক্ষকদের দুটি মোটরসাইকেল নিয়ে গেছে বলেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিযোগ করেন।
হাতিয়া থানার ওসি আরিচুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় স্কুলের শিক্ষক জহির উদ্দিন ৩০ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জনকে অজ্ঞাত পরিচয় আসামি দেখিয়ে মামলা করেছেন।
পুলিশ ঘটনা তদন্ত করছে বলে তিনি জানান।
