সরকার হটানোর চক্রান্ত চলছে: সেতুমন্ত্রী
পুরোহিত ও সেবায়েত হত্যার মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করে সরকার হটানোর চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার নোয়াখালীর বসুরহাটে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
যারা পুরোহিত ও সেবায়েত হত্যা করেছে, তারা এসব হত্যাকাণ্ড ঘটিয়ে প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে বলে মনে করেন তিনি।
তাদের হীন মতলব কোনোদিন সফল হবে না বলে মন্তব্য করে মন্ত্রী বলেন দেশকে অস্থিতিশীল করে সরকার হটানোর চক্রান্ত চলছে। আন্দোলন করে যারা ব্যর্থ হয়েছে, নির্বাচন না করে যারা ভুল করেছে, তারা পেছন দিক থেকে মদদ দিচ্ছে।
“এসব ঘটনার পেছনে যারা আছে আস্তে আস্তে তাদের থলের বিড়াল বেরিয়ে যাচ্ছে।”
কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুরে যোগিদিয়া জয় কালী মন্দিরের সেবায়েত শিবক প্রসাদ চক্রবর্তী ও আশীর্বাদ মন্দিরের সেবায়েত লিটন ঠাকুরকে চিঠি দিয়ে হত্যার করার হুমকির ঘটনায় ওই মতবিনিময় সভার আয়োজন করা হয় বসুরহাট শ্রী শ্রী জগনাথ মন্দিরে।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন, শ্রী শ্রী জগনাথ মন্দিরের সভাপতি নির্মল কান্তি দে, সেক্রেটারি অরবিন্দ ভৌমিক প্রমুখ।
কোম্পানিগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের পঞ্চশক্তি দক্ষিণেশ্বরী কালী মন্দিরের আশীর্বাদ ঠাকুর লিটন ও যোগিদিয়া জয়কালী মন্দিরের শিব প্রসাদ চক্রবর্তীকে হত্যার হুমকি দিয়ে একটি চিঠি দেয় অজ্ঞাত পরিচয়ের লোক।
গত শনিবার সকালে দক্ষিণেশ্বরী কালী মন্দিরে পূজা দিতে গিয়ে স্থানীয় বাসিন্দা বিউটি রাণী মজুমদার মেঝেতে হুমকির চিঠি দেখতে পান।
