২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজে ফিরেছেন রংপুর মেডিকেলের শিক্ষানবিশ চিকিৎসকরা

কর্মবিরতি শুরুর ২৪ ঘণ্টার মাথায় তা প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2016, 05:30 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

শিক্ষানবিশ চিকিৎসক মাহফুজুল হক রাকিব জানান, বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল পরিচালকের কক্ষে বৈঠকের পর বেলা সাড়ে ৩টার দিকে তারা কাজে যোগ দিয়েছেন।

তিনি বলেন, “বৈঠকে ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা প্রদানসহ অন্যান্য দাবির বিষয়ে সন্তোষজনক আলোচনার পর আমরা কাজে যোগ দিয়েছি।”

এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হামলার প্রতিবাদে বুধবার বিকাল সাড়ে ৩টা থেকে কর্মবিরতি শুরু করেন হাসপাতালের ১৮০ জন শিক্ষানবিশ চিকিৎসক। হামলাকারীদের গ্রেপ্তার, নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে লাগাতার কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।

শিক্ষানবিশ চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক শফিকুল ইসলাম বলেন, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তায় পুলিশী টহল জোরদার করা হয়েছে। সেইসঙ্গে অন্য দাবিগুলা দ্রুত বাস্তবায়নের আশ্বাস তারা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে।

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত ফার্নিচার ব্যবসায়ী মনির হোসেনের (৪০) মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজনরা বুধবার সকালে মেডিসিন বিভাগে হামলা চালিয়ে সহকারী রেজিস্ট্রার জহুরুল ইসলামসহ কয়েকজন শিক্ষানবিশ চিকিৎসককে লাঞ্ছিত করে।

পুরনো খবর:

কর্মবিরতিতে রমেকের শিক্ষানবিশ চিকিৎসকরা