কর্মবিরতিতে রমেকের শিক্ষানবিশ চিকিৎসকরা
রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হামলার প্রতিবাদে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা।
বুধবার বিকাল সাড়ে ৩টা থেকে কর্মবিরতি শুরু হয়েছে বলে শিক্ষানবিশ চিকিৎসক মাহফুজুল হক রাকিব জানিয়েছেন।
এদিকে শিক্ষানবিশ চিকিৎসকদের কাজে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
মাহফুজুল হক রাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছুদিন ধরে ইন্টার্ন চিকিৎসক পরিষদের কমিটি নেই। তাই হামলাকারীদের গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে আমরা ১৮০ জন ইন্টার্ন চিকিৎসক জরুরি সভা করে লাগাতার কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছি।”
দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান তিনি।
হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার জহুরুল ইসলাম বলেন, রংপুর নগরীর গনেশপুর বকুলতলা এলাকার ফার্নিচার ব্যবসায়ী মনির হোসেন (৪০) বুধবার সকালে মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন।
“তিনি খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত ছিলেন। দ্রুত তাকে চিকিৎসা দেওয়া হলেও মারা যান তিনি।
“বেলা ১১টা সময় একদল যুবক মনিরের স্বজন পরিচয় দিয়ে আমার কক্ষে ঢুকে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। আমি তাদের বাইরে যেতে বললে তারা আমাকে লাঞ্ছিত করে।”
এ সয়ম শিক্ষানবিশ চিকিৎসক ও ওয়ার্ড বয়রা এগিয়ে এলে তাদের সঙ্গেও হাতাহাতির ঘটনা ঘটে বলে জানান তিনি।
চিকিৎসকদের যথাসাধ্য চেষ্টার পরও রোগীর মৃত্যু হয়েছে দাবি করে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক শফিকুল ইসলাম বলেন, ইন্টার্ন চিকিৎসকদের কাজে ফিরিয়ে আনারও চেষ্টা করা হচ্ছে।
