২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া পরিশোধের দাবিতে কারখানায় ভাংচুর

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবি ও শ্রমিক ছাঁটাইয়ের গুজবে একটি পোশাক কারখানায় ভাংচুর চালিয়ে বিক্ষোভ ও কর্মবিরতি করেছে শ্রমিকেরা ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2016, 05:14 PM

Updated : 11 Oct 2022, 08:31 PM

বৃহস্পতিবার সদর উপজেলার হোতাপাড়া এলাকার ‘জাহিন টেক্স’ নামে ওই পোশাক কারখানায় এ ঘটনা ঘটে বলে শিল্পাঞ্চল পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার মো. তাহমিদুল ইসলাম জানান।

পরিস্থিতি সামাল দিতে গেলে শ্রমিকদের ছোড়া ইট পাটকেলে দুই পুলিশ আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান তিনি।    

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার জুন মাসের আংশিক বকেয়া বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু শ্রমিকরা সকালে কারখানায় গিয়ে শুনতে পায় যে, বেতন দেওয়া হচ্ছে না বরং কিছু শ্রমিক ছাঁটাই হবে।

“এ গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকরা সকাল সাড়ে ৮টায় কর্মবিরতি শুরু করে কারখানার প্রধান ফটকে অবস্থান নেয় এবং কারখানার মালিককে দেখতে চায় বলে মিছিল শুরু করে।”

তিনি বলেন, এ নিয়ে মালিক পক্ষের লোকজনদের সঙ্গে শ্রমিকদের বাকবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর শ্রমিকরা কারখানার ভেতরে ভাংচুর এবং কারখানার সামনে থাকা একটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করে। “খবর পেয়ে গাজীপুর শিল্পাঞ্চল ও জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা লাঠি-রড ও শাবল নিয়ে পুলিশের দিকে তেড়ে আসে এবং পুলিশকে লক্ষ করে ইটপাকেল ছুড়তে থাকে।”

এ সময় ইট-পাটকেলে শিল্প পুলিশের দুই কনস্টেবল আহত হন বরে জানান এ পুলিশ কর্মকর্তা।

পরে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান তিনি।

এ ঘটনার পর কর্তপক্ষ বৃহস্পতিবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করেছে বলেও জানান তিনি।

শ্রমিক ছাঁটাইয়ের বিষয়টি গুজব উল্লেখ করে কারখানার ব্যবস্থাপক একেএম শফিউল আলম রানা বলেন, “ঈদের আগে আমরা শ্রমিকদের জুনের ২৫ দিনের বেতন পরিশোধ করি। বৃহস্পতিবার বাকি পাঁচ দিনের বেতন পরিশোধের জন্য আমরা প্রস্তত ছিলাম।”

“কিন্ত নানা গুজব তুলে কারখানায় পরিবেশ অস্থিতিশীল করতেই একটি চক্র শ্রমিকদের খেপিয়ে তুলে কারখানায় ভাংচুর ও স্টাফদের মারধর করে।”