ট্রাক খালে পড়ে চালকসহ নিহত ২
ফেনীর দাগনভূইয়া উপজেলায় ট্রাক খালে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে দাগনভূইয়া-বসুরহাট আঞ্চলিক সড়কের মুন্সীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দাগনভূইয়া থানার ওসি আসলাম উদ্দিন জানান।
নিহতরা হলেন- দাগনভূইয়া উদরাজপুর গ্রামের সুলতান আহম্মেদের ছেলে বালু ব্যবসায়ী নুর নবী (৪৫) ও সদর উপজেলার দেবীপুরের হারিস ভেন্ডারের ছেলে ট্রাক চালক মামুনুর রশিদ (৪০)।
ওসি আসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাগনভূইয়া থেকে বসুরহাটগামী বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাদনা খালে পড়লে পানিতে ডুবে ওই দুজনের মৃত্যু হয়।
তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
