২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ বাঘার মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ ‘সন্ত্রাসী’ জুয়েল ওরফে বাঘা জুয়েল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2016, 12:25 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

বৃহস্পতিবার বেলা ১০টায় ২৯ বছর বয়সী বাঘা ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান গাজীপুরের টঙ্গী থানার এসআই সুমন।

এর আগে বুধবার মধ্যরাতে টঙ্গীর তিস্তার গেইট এলাকায় বাঘা গুলিবিদ্ধ হলে তাকে পুলিশ হেফাজতে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

টঙ্গী হাসপাতালের চিকিৎসক মো. তানজীর আনোয়ার জানান, বাঘার দুই পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউড অব ট্রমা অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (পঙ্গু) হাসপাতালে পাঠানো হয়।

এসআই সুমন বলেন, বাঘাকে পঙ্গু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১০টায় তার মৃত্যু হয়।

“তার বিরুদ্ধে অস্ত্র, খুন ও নারী নির্যাতনসহ অন্তত ১০টি মামলা রয়েছে।”

নিহত বাঘা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার সলিমগঞ্জ (পায়রাকান্দি) এলাকার সেন্টু আহমেদের ছেলে। তিনি টঙ্গীর দত্তপাড়া এলাকায় বসবাস করতেন বলে জানান এসআই সুমন।

টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার বলছেন, মরকুন রেললাইন এলাকায় কিছু অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে এমন খবর পেয়ে বুধবার রাত দেড়টার দিকে পুলিশ সেখানে অভিযানে যায়।

“পুলিশের দিকে সন্ত্রাসীরা গুলি করলে পুলিশ পাল্টা গুলি করে। বাঘা দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে ধরা পড়ে।”

পুলিশ বাঘার কাছ থেকে তিন রাউন্ড গুলিভরা একটি রিভলবার, ঘটনাস্থল থেকে তিনটি চাপাতি ও একটি চাকু উদ্ধার করেছে বলে এসআই শাহজাহান জানান।

তিনি বলেন, গোলাগুলির সময় আত্মরক্ষা করতে গিয়ে মাটিতে পড়ে গেলে এসআই সুমন ভক্ত ও এএসআই বিপ্লব হাতে আঘাত পান। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুরনো খবর:

টঙ্গীতে কথিত বন্দুকযুদ্ধে ‘সন্ত্রাসী’ গুলিবিদ্ধ