ঝালকাঠিতে জাল টাকাসহ আটক ২
ঝালকাঠি সদরে জাল নোটসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে শহরের শিশু পরিবার সংলগ্ন ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে তাদের আটক করা হয় বলে সদর থানার পরিদর্শক মো. মাহে আলম জানান।
এরা হলেন সদর উপজেলার পরমহল গ্রামের শেখ আব্দুর ছালাম (৪৫) ও দশনাকান্দা গ্রামের মো.জাহিদুল ইসলাম (২৪)।
এর মধ্যে ছালামের বিরুদ্ধে বরিশাল ও ঢাকায় জাল নোট বিপননের অভিযোগে মামলা রয়েছে। সম্প্রতি বরিশালের একটি মামলায় এক মাস কারাভোগ শেষে জামিনে মুক্তি পান তিনি।
পরিদর্শক আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদে সকালে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।
“এ সময় একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ২৯ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার এবং ছালাম ও জাহিদুলকে আটক করা হয়।”
এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
