আত্রাইয়ে হাতবোমাসহ ৩ জেএমবি ‘সদস্য’ গ্রেপ্তার
নওগাঁর আত্রাই উপজেলায় অভিযান চালিয়ে হাতবোমাসহ ইউনিয়ন পরিষদের এক সাবেক সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা জেএমবি সদস্য বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভোপাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাহাগোলা ইউপির সাবেক সদস্য ও ভবানিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুল হাই (৪৭), ভোপাড়া গ্রামের কবেজ আলীর ছেলে জিয়াউর রহমান জিয়া (৩৬) ও কাশিয়াবাড়ি গ্রামের হুরমত আলীর ছেলে ময়েনউদ্দি সরদার (৪০)।
তিনজনেই তালিকাভুক্ত জেএমবি সদস্য বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
এ সময় তাদের কাছ থেকে তিনটি হাতবোমা ও একটি চাপাতি উদ্ধার করে হয় বলে জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, তারা এলাকায় নাশকতার চেষ্টা করছে এমন তথ্যে অভিযান চালিয়ে হাতবোমা ও চাপাতিসহ গ্রেপ্তার করা হয়েছে।
তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
