বাউল আখড়ায় হামলা: আটক আরও ৩
চুয়াডাঙ্গার জীবননগরে বাউল আখড়ায় তিন ভক্তকে পিটিয়ে জখমের ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১২টার দিকে বাউল আস্তানার পাশের সেনেরহুদা ও উথলী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জীবননগর থানার এসআই আকরাম হোসেন জানান।
এ ঘটনায় এ নিয়ে চার জনকে আটক করা হলো।এর আগে আটক একজনকে এ ঘটনার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হলেন জীবননগরের সেনেরহুদা গ্রামের নেপাল মণ্ডলের ছেলে মো. কলিমদ্দিন (৩৯), আনাম আলীর ছেলে শফি উদ্দিন (২৬) ও উথলী গ্রামের সাগর আলীর ছেলে ইলিয়াস হোসেন (২৫)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই বলেন, বাউল আখরায় হামলার ঘটনায় ওই তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিষয়ে খোঁজখবরও নেওয়া হচ্ছে।
তারা ঘটনার সঙ্গে জড়িত না হলে তাদের ছেড়ে দেওয়া হবে। তবে জড়িত থাকার তথ্য পাওয়া গেলে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
শনিবার রাতে একতারপুর গ্রামে লালন অনুসারী শহিদুল হক শাহর বাউল আস্তানায় শনিবার রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে দুই মহিলাসহ তিন বাউল ভক্তকে রড দিয়ে পিটিয়ে জখম করে। পরে শহিদুল হক বাদী হয়ে জীবননগর থানায় অজ্ঞাত ৭/৮ জন দুর্বৃত্তকে আসামি করে হত্যা চেষ্টা, ভাংচুর ও জখমের অভিযোগে মামলা করেন।
এ মামলায় রোববার রাতে জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রাম থেকে জামাত আলীসহ (৪০) তিন জনকে আটক করা হয়। পরে জামাত আলীকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে অপর দুই জনকে ছেড়ে দেওয়া হয়।
২০১৪ সালে এই আখড়ায় একই কায়দায় হামলা হয়েছিল বলে জানান এসআই।
