জঙ্গি বিরোধী শোভাযাত্রা থেকে জামায়াত নেতা আটক
নাশকতার আশঙ্কায় জঙ্গি বিরোধী শোভাযাত্রা থেকে কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর আমির মীর আজিজুর রহমান সরকার স্বপনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ভুরুঙ্গামারী উপজেলার জামতলা মোড় এলাকায় শোভাযাত্রা থেকে তাকে আটক করা হয় বলে ভুরুঙ্গামারী থানার ওসি লতিফুল ইসলাম জানান।
তার বাড়ি ভুরুঙ্গামারী উপজেলা সদরের দেওয়ানের খামার গ্রামে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জামতলা মোড়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী এক শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত লোকজন সেখানে জামায়াতের এ নেতাকে দেখে পুলিশকে জানায়।
“পুলিশ তখন তাকে সেখান থেকে সরে যেতে বলে। কিন্তু তিনি অস্বীকৃতি জানালে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে পারে এমন সন্দেহে তাকে আটক করা হয়।”
