২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করেছে পুলিশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2016, 04:27 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের পেছনে বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ওই যুবককে আটক করা হয় বলে জানান প্রক্টর মজিবুল হক আজাদ।

আটক শরিফুল ইসলামের বাড়ি রাজশাহীর মাসকাটাদিঘীতে।

প্রক্টর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে মন্নুজান হলের পেছন দিয়ে স্কুলে যাওয়ার সময় ওই যুবক পথরোধ করে উত্ত্যক্ত করলে মেয়েটির চিৎকার করে। এ সময় হলের কর্মচারীরা ওই যুবককে ধাওয়া করে আটক করে।

“ওই যুবককে আটকের খবর পেয়ে মতিহার থানা পুলিশকে জানালে তারা এসে তাকে নিয়ে গেছে।”

এ বিষয়ে নগরীর মতিহার থানার ওসি হুমায়ুন কবির বলেন, এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে শরিফুল নামে বহিরাগত এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।