২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসকন মন্দিরে হামলা: অভিযোগপত্রে ৮ ‘জঙ্গি’

দিনাজপুরের কাহারোল উপজেলায় ইসকন মন্দিরে বোমা হামলার মামলায় সন্দেহভাজন আট জঙ্গির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 09:07 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হোসেন সোমবার অভিযোগপত্র আমলে নিয়ে আগামী ২৪ জুলাই শুনানির দিন ধার্য করেছেন।  

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই বজলুর রশিদ ৩০ জুন অভিযোগপত্র দাখিল করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আবু সাইদ।

এসআই বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার আট আসামির মধ্যে ‘জেএমবি সদস্য’ শরিফুল ইসলাম ওরফে ডেনিস, মোসাব্বিরুল আলম খন্দকার, সারোয়ার বাবু ও আব্দুর রহমান পিন্টু জেলা কারাগারে আটক রয়েছেন।

“পলাতক রয়েছেন রাজিবুল ইসলাম ওরফে বাঁধন, আব্দুল খালেক ওরফে খালিদ, রাজিব ওরফে সুজন ওরফে জাকির ও বাবর ওরফে সম্রাট বাবর।” 

এদের মধ্যে চার জেএমবি সদস্য ঘটনার বর্ণনা দিয়ে আগে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলে জানান তিনি।

২০১৫ সালের ১০ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় কাহারোলের ডাবোর ইউনিয়নে ডহচি ইসকন মন্দিরে ধর্মসভা চলাকালে হাতবোমা ও গুলিবর্ষণ করা হয়। ওই হামলায় বেশ কয়েকজন আহত হন।  

এলাকাবাসী ধাওয়া করে ‘জেএমবি সদস্য’ শরিফুল ইসলাম ওরফে ডেনিস ও মোসাব্বিরুল আলমকে আটক করে পুলিশে দেয়। 

এই ঘটনায় ইসকন মন্দির কমিটির সভাপতি গোবর্ধন হরিদাস বাদী হয়ে কাহারোল থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।

পুরনো খবর:

ইসকন মন্দিরে হামলা, আরও একজনের স্বীকারোক্তি