সিরাজগঞ্জে জঙ্গি সন্দেহে ইমাম আটক
সিরাজগঞ্জের তাড়াশে জঙ্গি সন্দেহে মসজিদের এক ইমামকে আটক করা হয়েছে।
সোমবার ভোরে তাড়াশ মাদ্রাসাপাড়ার আনিসুর রহমানের বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে বলে সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জানান।
আটক মো. আতাউল্লাহ ওরফে বাহাদুর (৩০) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার এলাকার আমতলী বাহারউদ্দিন পাড়ার ইউসুফ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মিরাজ বলেন, গত মার্চে বগুড়ার শেরপুরে একটি বাড়িতে বোমা বানাতে গিয়ে দুই জেএমবির সদস্য নিহত হন। এর মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার জামুয়া গ্রামের নিহত তরিকুলের ভগ্নিপতি আতাউল্লাহ।
“তিনি আত্মগোপনে থেকে জেএমবির সদস্য সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন। গোপান সংবাদে তার অবস্থানের কথা জানতে পেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে বেশ কিছু জিহাদি বই ও লিফলেট জব্দ করা হয়।”
আতাউল্লাহকে পুলিশ সুপার কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সুপার মিরাজ জানান।
