২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করিমগঞ্জে নৌকাডুবি, মাদ্রাসা তত্ত্বাবধায়কের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নৌকাডুবির দুদিন পর এক মাদ্রাসা তত্ত্বাবধায়কের লাশ পাওয়া গেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 03:24 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

সোমবার সকালে দুর্ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে হাফিজ উদ্দিনের (৪৭) লাশ পাওয়া যায়। তিনি করিমগঞ্জের কান্দাইল দারুস সালাম দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়ক ছিলেন।

গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে বড় হাওরে নৌকাডুবির ঘটনাটি ঘটে।

করিমগঞ্জ থানার ওসি জাকির রাব্বানী বলেন, সকাল ৬টার দিকে দুর্ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে স্থানীয়রা লাশটি উদ্ধার করে পুলিশে খবর দেয়।

হাফিজের পরিবারের সদস্যরা জানান, নৌকাটি জয়কা ইউনিয়নের বারুক বাজার থেকে ইন্দ্রাচুল্লি গ্রামে যাচ্ছিল। ঢাকায় ঈদ কাটিয়ে আসা পরিবারের সদস্যদের বাড়ি আনতে হাফিজ নিজে ইঞ্জিন চালিত নৌকাটি নিয়ে বারুক বাজার যান।  

দুর্ঘটনার সময় নৌকায় হাফিজ ছাড়াও তার স্ত্রী রোহেনা বেগম, মেয়ে খাদিজা, ছেলে আনসারউল্লাহ, বাহালুল, আমিনুল, আল-আমিন, তাসনিম ও চার মাস বয়সী নাতি নাসিরুল্লাহ ছিল।

নৌকা ছাড়ার পরপরই প্রচণ্ড দমকা বাতাসের কবলে পড়ে এবং অর্ধেক দূরত্ব অতিক্রম করার পর নৌকাটি পানিতে তলিয়ে যায়।

হাফিজ উদ্দিনের ভাই মাওলানা উসমান হারুন বলেন, নৌকাডুবির পরপরই মাঝি ও সহকারীরা সাঁতরে কুলে ওঠেন। এ সময় হাফিজ উদ্দিন দ্রুত পানিতে নেমে পরিবারের সবাইকে ভেতর থেকে বের করে নৌকার ভেসে থাকা সামনের অংশে বসিয়ে দেন।

“পরে সেখান থেকে ছোট ছেলে তাসনিমকে নিয়ে সাঁতরে কাছেই একটি বিদ্যুতের খুঁটিতে বসিয়ে অন্যদের নিয়ে ফিরে আসার সময় পানিতে তলিয়ে যান।

“পরে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় এক ব্যক্তি নৌকা নিয়ে এগিয়ে এসে অন্যদের উদ্ধার করলেও হাপিজকে পাননি।”

রোববার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়েও তার খোঁজ পাননি বলে জানান হারুন।