বেনাপোল চেকপোস্টে চার বছর পর নতুন স্ক্যানার
বেনাপোল স্থলবন্দরে নির্বিঘ্ন যাত্রীসেবা ও ‘তল্লাশিতে স্বচ্ছতা ফিরিয়ে আনার’ লক্ষ্যে কাস্টমস চেকপোস্টে নতুন করে দুটি স্ক্যানার মেশিন স্থাপন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় চীনা প্রতিষ্ঠান ‘নুকটেস’র প্রকৌশলীরা বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের কাস্টমস তল্লাশি কেন্দ্রে যন্ত্র দুটি স্থাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বলে জানিয়েছেন বেনাপোল শুল্ক ভবনের ডেপুটি কমিশনার মারুফুর রহমান।
তিনি বলেন, কাস্টমস তল্লাশি কেন্দ্রে চার বছর আগেও দুটি স্ক্যানার মেশিন ছিল। কিন্তু সেগুলো অচল হয়ে পড়ে।
“এ কারণে যাত্রীদের ল্যাগেজ হাতে খুলে চেক করতে বেশ সময় লাগত। এখন তা আর লাগবে না। স্ক্যানার মেশিন স্থাপনের কারণে যাত্রীসেবা দ্রুত দেওয়া যাবে। তল্লাশি কাজেও স্বচ্ছতা ফিরবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মারুফুর রহমান জানান, ২০১৫ সালে চেকপোস্টের জন্য স্ক্যানার মেশিনের বরাদ্দ চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডে চিঠি পাঠানো হয়। দরপত্রের মাধ্যমে চীনের ‘নুকটেস কোম্পানি’ এ কাজ পায়।
তিনি বলেন, “স্ক্যানার মেশিন অকেজো থাকায় এ পথে যাতায়াতকারী যাত্রীদের ব্যাগ কোনোরকম দেখে ছেড়ে দেওয়া হতো।
ভারতের পেট্রাপোল বন্দরের চেকপোস্টের স্ক্যানার সচল থাকায় যাত্রীদের বিভিন্ন মূল্যবান সামগ্রী সেখানে আটকে রাখা হতো বলে অভিযোগ করেন ওসি ইকবাল ।
নতুন করে স্ক্যানার মেশিন বসানোয় ‘যাত্রীদের ব্যাগ তল্লাশির ভোগান্তি’ কমবে বলে আশা করছেন তিনি।
