পিয়েরো হত্যা চেষ্টা মামলার অভিযোগপত্র গ্রহণ, ৩ জনকে গ্রেপ্তারে পরোয়ানা
দিনাজপুরে ইতালির নাগরিক পিয়েরো পারোলারি হত্যা চেষ্টা মামলার অভিযোগপত্র গ্রহণ করে পলাতক তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বৃহস্পতিবার দিনাজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এএফএম আহসানুল হক এ আদেশ দেন।
এরা হলেন, রাজিবুল ইসলাম বাদল ওরফে বাধন (২৫), আব্দুল খালেক ওরফে খালেদ ওরফে মামা (২৮) ও রাজিব ওরফে সুজন ওরফে জাকির (২৫)।
গত বছরের ১৮ নভেম্বর যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ড পুনর্বিবেচনার রায়ের দিন দিনাজপুর শহরে ইতালীয় নাগরিক ডা. পিয়েরো পারোলারিকে (৭৮) দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়।
এ ঘটনায় কসবা মিশনের ভারপ্রাপ্ত ফাদার সিলাস কুজুর অজ্ঞাতনামা বন্ধুকধারীদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেন।
পিয়েরো পারোলারি দিনাজপুরের সুইহারি ক্যাথলিক চার্চের ফাদার। পেশায় চিকিৎসক শহরের সেন্ট ভিনসেন্ট হাসপাতালে কর্মরত ছিলেন। সুস্থ হয়ে তিনি ইতালি ফিরে গেছেন।
দিনাজপুর আদালত পুলিশের পরিদর্শক আবু সাইদ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই বজলুর রশিদ সাতজনের বিরুদ্ধে গত ৩০ জুন আদালতে অভিযোগপত্র দেন।
“বৃহস্পতিবার আদালত অভিযোগপত্র গ্রহণ করে পলাতক তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।”
অভিযোগপত্রভুক্ত শরিফুল ইসলাম ওরফে ডেনিস (২৮), সাখাওয়াত হোসেন ওরফে শফিক মাস্টার (২৬), সারোয়ার হোসেন ওরফে সাবু ওরফে মিজান (৩৩) ও আব্দুর রহমান ওরফে পিন্টু ওরফে বাদশা (২২) পুলিশের হাতে ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন।
