২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা চুরির অভিযোগে গৃহকর্মীকে ‘সিগারেটের ছ্যাঁকা’

সাভারে টাকা চুরির অভিযোগ তুলে গৃহকর্মীকে ‘পিটিয়ে’ ‘সিগারেটের ছ্যাঁকায়’ দেওয়ার অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2016, 05:22 PM

Updated : 20 Aug 2022, 01:12 PM

বুধবার রাতে সাভার পৌর এলাকার নামাগেন্ডা পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার এসআই জাকারিয়া হোসেন জানান।

আহত রিনা বেগমকে (৩৮) স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি কুষ্টিয়ার কুমারখালী থানার আড়োয়াপাড়া গ্রামের আব্দুল মতিন মিয়ার স্ত্রী। সন্তানদের নিয়ে তিনি নামাগেন্ডায় জসিমের বাড়িতে ভাড়া থেকে মুদি দোকানি বাচ্চু মিয়ার বাসায় কাজ করতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই জাকারিয়া বলেন, টাকা চুরির অভিযোগে রিনা বেগমকে আটকে রেখে মারধর করা হচ্ছে স্থানীয়দের কাছ থেকে এমন তথ্য পেয়ে সেখানে গিয়ে তাকে উদ্ধার করা হয়।

রিনার ছেলে জীবন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার মা স্থানীয় মুদি দোকানি বাচ্চু মিয়ার বাসায় কাজ করেন। বুধবার বাচ্চু মিয়ার ঘর থেকে ১২ হাজার টাকা হারিয়ে যায়।

“ওই টাকা চুরির অপবাদ দিয়ে রাতে ঘর থেকে মাকে ধরে নিয়ে আটকে রেখে বাচ্চু মিয়া, তার বন্ধু মোকছেদ ও বাড়ির মালিক দারোগ আলী লাঠি দিয়ে পেটায় এবং হাতে সিগারেটের ছ্যাঁকা দিয়ে টাকা চুরির কথা স্বীকার করানোর চেষ্টা করেন।”

পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে বলে জানান জীবন।

এ বিষয়ে দারোগ আলী নির্যাতনের কথা স্বীকার করে বলেন,“রিনা টাকা চুরি করে স্বীকার করছে না, তাই পিটিয়ে স্বীকার করানোর চেষ্টা করেছি। এতে দোষের কিছু নেই।”

তবে এ ঘটনার পর বাচ্চু মিয়া দোকানে তালা লাগিয়ে পালিয়ে গেছে।

পুলিশ তাদের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ জীবন মিয়ার।

তবে অভিযোগ অস্বীকার করে এসআই জাকারিয়া বলেন, বিকালের মধ্যে ওই নির্যাতিত পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার কথা রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।