২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে মাদ্রাসা শিক্ষিকাকে অপহরণের অভিযোগ

সাভারে এক মাদ্রাসা শিক্ষিকাকে অপহরণের পর মুক্তিপণ দাবি করেছে জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2016, 08:08 PM

Updated : 20 Aug 2022, 01:11 PM

মঙ্গলবার বিকালে ওই শিক্ষিকার স্বজনরা ডায়েরি করেন বলে সাভার মডেল থানার এসআই মিজানুর রহমান জানান।

অপহৃত ওই নারী সাভার পৌর এলাকার বাসিন্দা এবং মজিদপুর এলাকার একটি মহিলা মাদ্রাসার শিক্ষিকা।

সোমবার সকালে তাকে মাদ্রাসা থেকে অপহরণ করা হয় বলে তার পরিবারের লোকজনের ভাষ্য।   

শিক্ষিকার ছোট ভাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে তার বোনকে কৌশলে মাদ্রাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে জোবায়ের হোসেন নামে এক ব্যক্তি মোবাইলে ফোন করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

“এ নিয়ে থানায় অপহরণের অভিযোগ করতে গেলে পুলিশ তা গ্রহণ না করে নানা টালবাহানা শুরু করে। পরে মঙ্গলবার বিকালে তারা সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করে।”

মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল মোতালিব বলেন, “মাদ্রাসার পক্ষ থেকেও মৌখিকভাবে বিষয়টি থানায় জানানো হয়েছে। তবে পুলিশ ওই শিক্ষিকাকে উদ্ধারের ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না।”

তবে অভিযোগ অস্বীকার করে এসআই বলেন, তবে পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করায় তাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।