যমুনার বন্যা নিয়ন্ত্রণ স্পারে ধস
বগুড়ার ধুনটে যমুনার বন্যা নিয়ন্ত্রণ স্পারের ২৫ মিটার ধসে গেছে।
সোমবার রাতে উপজেলার ভাণ্ডারবাড়ী ইউনিয়নে বানিয়াজানে ২০ মিটার ধসে যায়। মঙ্গলবার ধসে যাওয়া স্থানে জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধে কাজ করার সময় আরও পাঁচ মিটার ভাঙনের কবলে পড়ে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, “স্পারের ২০ মিটার ধসে গেছে বলে স্থানীয়ভাবে শুনেছি।”
আগেও একই জায়গায় মাটির স্যাংকে ধস নেমেছিল জানিয়ে তিনি বলেন, রাত থেকেই সেখানে জিও ব্যাগ ফেলে ধস ঠেকানোর চেষ্টা করা হচ্ছিল। তারপর আরও ৫ মিটার ধসে গেছে।
দুই/তিন দিনের মধ্যেই ধস নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে আশা করছেন পানি উন্নয়ন বোর্ডের এ প্রকোশলী।
ভাণ্ডারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল তালুকদার জানান, যদি মাটির স্যাংক পুরোটা ভেঙে যায় তাহলে বানিয়াজান, কৈয়াগাড়ি, চিথুলিয়া, চল্লিশপাড়া, মানিকপটল, ভাণ্ডারবাড়ি এবং সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কিছু এলাকা ফসলী জমি এবং ঘরবাড়ি নষ্ট হয়ে যাবে।
“ভাঙনস্থলে সিসি ব্লক ও জিও ব্যাগ দিয়ে ধস রোধ করা প্রয়োজন।”
শিমুলবাড়ি গ্রামের নান্নু মিয়া বলেন, গত বছরও একই জায়গায় বর্ষাকালে ধস নেমেছিল। এবারও সেই একই জায়গায় ধস নেমেছে।
একই উপজেলার শহরাবাড়ি স্পারও হুমকির মুখে রয়েছে। ৭২৭ মিটার দৈর্ঘ্যর ওই স্পারটি কয়েক বছর ধরে ক্ষতিগ্রস্ত হয়ে এখন সাড়ে তিনশ মিটার রয়েছে।
তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, এটি নিয়ে বর্তমানে কোনো শঙ্কা না থাকলেও যেকোনো সময় এটি বড় ঝুঁকির মুখে ফেলতে পারে।
