পাবনায় জেএমবি সন্দেহে গ্রেপ্তার ২
পাবনার সুজানগর উপজেলায় ‘হাতবোমা তৈরির সরঞ্জাম ও উগ্র মতবাদের বই’সহ সন্দেহভাজন দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে উপজেলার সুজানগর পৌর এলাকার পালপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সুজানগর থানার ওসি মো. নূর ইসলাম জানান।
এরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়ার ওমর ফারুক ও সুজানগর উপজেলার গগনপুর গ্রামের সানাউল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “নাশকতার উদ্দেশ্যে সন্ত্রাসীদের গোপন বৈঠক চলছে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও ফারুক ও সানাউল্লাহকে গ্রেপ্তার করা হয়।”
তাদের কাছে জিহাদি বই ও ককটেল পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তার দুজনই নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির সদস্য। তাদের দুই জনসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫/১৬ জনকে আসামি করে সুজানগর থানায় একটি মামলা করেছেন এসআই জাকারিয়া।
গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, রোববার তাদের আদালতে হাজির করা হবে।
