রাজবাড়ীতে বোমাসহ গ্রেপ্তার ১
রাজবাড়ী সদরে তিনটি তাজা হাতবোমাসহ এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
শুক্রবার মধ্যরাতে আলীপুর ইউনিয়নের পূর্বপাড়া এলাকা থেকে সেহরাব ওরফে কামাল ওরফে কাসেম নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার আটক করা হয়।
তার বাড়ি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ট্রলার ঘাটে।
রাজবাড়ী সদর থানার ওসি আবুল বাশার জানান, রাত প্রায় ১টার দিকে একটি ব্যাগ হাতে নিয়ে আলীপুর ইউনিয়নের পূর্বপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে।
“এ সময় তার ব্যাগে রক্ষিত একটি হাতবোমা বিকট শব্দে বিস্ফোরিত হলে স্থানীয় রাবেয়া ও রফিক নামে দুই এলাকাবাসী সামান্য আহত হন।”
তিনিবলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ব্যাগে রক্ষিত তিনটি হাতবোমাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
“বোমা তিনটি থানায় একটি বালুর বালতিতে রাখা হয়েছে।”
ওসি বলেন, পুলিশের ধারণা সন্ত্রাসী কোনো কাজের জন্য ব্যাগে করে ওই ব্যক্তি হাতবোমাগুলো নিয়ে যাচ্ছিল। তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে বিস্ফোরক দ্রব্য আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।
