২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাছ ধরা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিরোধপূর্ণ পুকুরে মাছ ধরা নিয়ে দুই ভাইয়ের পরিবারের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের আরও চারজন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2016, 05:57 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

শুক্রবার সকালে সাড়ে ৯টার দিকে চাওচা গ্রামে এ সংগর্ষ হয় বলে মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত ) জাফর মিয়া জানান।

নিহত আব্দুল ওদুদ খান (৭০) ওই এলাকার বাসিন্দা। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরিদর্শক জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের পৈত্রিক জমির ভাগভাগি নিয়ে ওদুদের সঙ্গে তার ভাই আবু বক্কার খানের বিরোধ চলছিল।

“সকালে ওদুদ তার ছেলেদের নিয়ে ওই জমিতে থাকা একটি পুকুরে মাছ ধরতে গেলে আবু বক্কর ও তার ছেলেরা বাধা দেন।”

তিনি বলেন, এ নিয়ে দুপক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আব্দুল ওদুদসহ পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওদুদ খানের মৃত্যু হয়।