২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জুতা ছুড়ে মারায় স্ত্রীকে হত্যা’

কথা কাটাকাটির সময় জুতা ছুড়ে মারায় ফেনী শহরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।      

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2016, 05:52 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

শুক্রবার দুপুরে শহরের রামপুর এলাকার সৈয়দ বাড়ী রোড থেকে ফারজানার (২৪) লাশ উদ্ধার করা হয় বলে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান জানান।

ফারজানা ওই এলাকার কায়েস বিন কাসেমের স্ত্রী। ছাগলনাইয়া উপজেলার বল্লবপুরে তার বাবার বাড়ি। বৃহস্পতিবার রাতে তাকে হত্যা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পরিদর্শক শাহিনুজ্জামান বলেন, দুপুরে প্রতিবেশীরা ফারজানার লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপতাল মর্গে পাঠায়। এ ঘটনায় কায়েস বিন কাসেমকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে কায়েস বিন কাসেম হত্যার কথা স্বীকার করেছেন।”

প্রতিবেশীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয়ে কায়েস ও ফারজানার মধ্যে কলহ চলছিল। এর জেরে সম্প্রতি বাবার বাড়ি চলে যান ফারজানা। বৃহস্পতিবার দুপুরে ফারজানাকে বাসায় ফিরিয়ে আনেন কায়েস।

“ঈদ উপলক্ষে রাতে ঘুরতে বের হওয়ার সময় ফারজানাকে জুতা মুছে দিতে বললে কায়েসের মুখে জুতা ছুড়ে মারেন ফারজানা। এতে রেগে গিয়ে কায়েস ফারজানার গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করেন।”