যমুনার পানি বৃদ্ধি, জামালপুরে নিম্নাঞ্চল প্লাবিত
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে যমুনার পানি বেড়ে জামালপুরের ইসলামপুর উপজেলার ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।
শুক্রবার দুপুরে এ নদীর পানি ১৭ সেন্টিমিটার বেড়ে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আব্দুল মান্নান জানান, উপজেলার পাথর্শী, নোয়ারপাড়া, কুলকান্দি, সাপধরি, চিনাডুলি ও বেলগাছা ইউনিয়নের ২০টি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
এদিকে পানি বেড়ে যাওয়ায় বেলগাছা ইউনিয়নের ঘোনাপাড়া, চিনাডুলির গুঠাইল ও শিংভাঙ্গা পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার ওয়ারেছ আলী জানিয়েছেন।
এছাড়া গত দুই দিনে ঘোনাপাড়া গ্রামের অন্তত ৫০টি বাড়ি ঘর যমুনার গর্ভে বিলীন হয়েছে বলে জানান তিনি।
চিনাডুলি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, যমুনার প্রবল স্রোতে চিনাডুলি ইউনিয়নের দেওয়ানপাড়া থেকে শিংভাঙ্গা পর্যন্ত এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙনের হুমকির মুখে রয়েছে।
বাঁধটি ভাঙলে ইসলামপুর ও মেলান্দহ উপজেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
