২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বাস-অটোরিকশা খাদে, নিহত ৪

নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি অটোরিকশাসহ যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন; আহত হন অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2016, 10:41 PM

Updated : 11 Oct 2022, 08:28 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁও উপজেলার আলনূর ইন্ডাস্ট্রির পাশে এ দুর্ঘটনা ঘটে বলে কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তৈয়বুর রহমান  জানান।

নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

নিহতদের লাশ কাঁচপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান টিআই তৈয়বুর।

তৈয়বুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নোয়াখালী থেকে ঢাকা আসছিল মায়ের দোয়া পরিবহনের একটি বাস।

“সন্ধ্যা পৌনে ৬টার দিকে আলনূর ইন্ডাস্ট্রির পাশে পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় এবং অটোরিকশাটিসহ পাশের খাদে পড়ে ৫/৬ ফুট পানিতে তলিয়ে যায়।”

তিনি বলেন, পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে চারটি লাশ উদ্ধার করে এবং ক্রেন দিয়ে বাস ও অটোরিকশাটি উদ্ধার করা হয়। বাস ও অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে।

হতাহতরা কোন যানবাহনের যাত্রী তা নিশ্চিত করতে পারেননি তৈয়বুর।