ঈদেও দায়িত্ব পালন করছেন বেনাপোলের কর্মীরা
ঈদুল ফিতরের ছুটিতেও বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করছেন। স্বাভাবিক রয়েছে বাংলাদেশ-ভারত যাত্রী পারাপার।
বৃহস্পতিবার বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশ, শুল্ক কর্মকর্তা, বিজিবি, বন্দর ও শুল্কভবনের নিরাপত্তাকর্মী, থানা পুলিশসহ অন্যদের ব্যস্ততা ছিল স্বাভাবিক দিনগুলোর মতোই।
পাশাপাশি, হাসপাতাল, ফায়ার সার্ভিস, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মীদেরও কাজ করতে দেখা গেছে।
বেনাপোল শুল্ক ভবনের রাজস্ব কর্মকর্তা উত্তম কুমার সমাদ্দার বলেন, চেকপোস্ট দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী পারাপার হয়। তাদের ল্যাগেজ ও ব্যাগ পরীক্ষা এবং ভ্রমণ শুল্ক প্রদানের রশিদ দেখার দায়িত্ব শুল্ক কর্মকর্তাদের।
“সরকারি ছুটি থাকলেও জনস্বার্থে আমরা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি। এখানকার ২০ শতাংশ কর্মকর্তা কর্মচারী ঈদের ছুটিতে আছেন।যারা ছুটির বাইরে আছেন তাদেরকে শিফট করে দায়িত্ব দেওয়া হয়েছে।”
চেকপোস্টে কর্মরত ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক জিয়াউল হক জিয়া বলেন, সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত এই পথে এক হাজার নয়শত যাত্রী পারাপার হয়েছে। অন্যান্য যে কোনো সময়ের চেয়ে গত দুই দিন যাত্রী পারাপারের সংখ্যা অনেক বেশি ছিল।”
“পরিবার পরিজন ফালাইয়্যা ডিউটি করছি, মন তো খারাপ লাগারই কথা। কিন্তু এরপরেও এইট্যা আমাদের চাকরি, এটা আমাদের দায়িত্ব।”
শার্শা থানার পরিদর্শক (তদন্ত) ওসি ফিরোজ আহম্মদের বাড়ি গোপালগঞ্জে। জনগণের নিরাপত্তা দিতে ঈদের ছুটিতে বাড়ি যেতে পারেননি তিনিও।
তিনি বলেন, “দেশ ও জনগণের জন্য কাজ করতে পারছি এটা বড় আনন্দের। এছাড়া ঈদে শার্শার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে মানসিক তৃপ্তিও পাচ্ছি।”
টহলে দায়িত্ব পালনরত বেনাপোল আইসিপি বিজিবির সুবেদার নজরুল ইসলাম বলেন, “প্রথম প্রথম কষ্ট হতো। সময়ের পরিক্রমায় অভ্যাস হয়ে গেছে। আমার পরিবার-পরিজনও এটা মেনে নিয়েছে।”
বেনাপোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার কওছার আলি তার ৩১ বছরের চাকরি জীবনে মাত্র ১৫টি ঈদ প্রিয়জনের সান্নিধ্যে কাটাতে পেরেছেন।
তিনি বলেন, “নিজের বাড়িতে সবার সঙ্গে ঈদ করতে পারলে ভালো লাগে। দেশ ও জনগণের স্বার্থেই কর্মস্থলে ঈদ করেছি, এটাও অন্য রকম আনন্দের। এখন আর মনে কষ্ট লাগে না। বরং গর্ববোধ করি মানুষের সেবা করতে পারছি।”
বেনাপোল বন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, “বন্দরে ১৪৯ জন আনসার সদস্য তিনটি শিফটে দায়িত্ব পালন করে থাকে। ঈদে ৩০ জনকে ছুটি দিয়েছি।”
