২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরবে বাংলাদেশি অপহৃত, টাকাসহ আটক ৪

ভিডিও ফুটেজে নির্যাতনের চিত্র দেখিয়ে মুক্তিপণ আদায়ের সময় ২০ লাখ টাকাসহ অপহরণ চক্রের তিন সদস্যকে গাজীপুর থেকে আটক করেছে র‌্যাব। সৌদি আরবে আটক হয়েছে আরও একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2016, 09:58 AM

Updated : 20 Aug 2022, 01:09 PM

কুমিল্লার মেঘনা থানার হাসনাবাদ গ্রামের শফিকুল ইসলাম খোকন (৩৮) সৌদি আরবে অপহৃত হওয়ার অভিযোগ তদন্তে গিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে খোকন ছাড়া পান।

বুধবার রাত ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে র‌্যাব-১১-এর কার্যালয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান সংবাদ সম্মেলনে বলেন, মঙ্গল ও বুধবার গাজীপুরের কালিগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ওই উপজেলার ফুলদি গ্রামের মনজুর মোল্লার স্ত্রী রুবী (২৫), একই এলাকার ওমর আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও তার বোন রাহিমা (২২)।

সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা বলেন, অপহরণ চক্রের হোতা ফুলদি গ্রামের মজিবুর মোল্লার ছেলে মনজুর মোল্লা ও তার সহযোগী টাঙ্গাইল জেলার খায়রুল ইসলাম, কুমিল্লা জেলার মুরাদনগর এলাকার আলমগীর, গাজীপুর জেলার কালিগঞ্জ থানার জাকির হোসেন দীর্ঘদিন ধরে অপহরণের সাথে জড়িত।

“গত ২ জুলাই তারা সৌদি আরবে খোকনকে অপহরণ করে একটি আবাসিক হোটেলে আটকে হাত-পা ও মুখ বেঁধে নির্যাতন চালায়। এটা তারা তার স্ত্রীর কাছে ভিডিও কল দিয়ে দেখিয়ে মুক্তিপণ দাবি করে।”

এরপর তার স্ত্রী মেঘনা থানায় জিডি করার পর র‌্যাব-১১-এর কার্যালয়ে অভিযোগ দিলে পুলিশ সুপার নরেশ চাকমার নেতৃত্বে অভিযান চালিয়ে অপহরণ চক্রের তিন সদস্যকে মুক্তিপণ বাবদ দেওয়া ২০ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

লিখিত বক্তব্যে র‌্যাব কর্মকর্তা বলেন, এছাড়া সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে খবর পেয়ে সৌদি পুলিশ অপহরণ চক্রের আরেক সদস্য মো. জাকির হোসেনকে গ্রেপ্তার করলে বুধবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে অপহরণকারীরা খোকনকে ছেড়ে দেয়।

এ ব্যাপারে গাজীপুর জেলার কালিগঞ্জ থানায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।