ঈদে বেনাপোলে ভিড় বেশি
ঈদের ছুটিতে বেনাপোল বন্দর দিয়ে ভারতগামী মানুষের ভিড় বেড়ে গেছে।
ঈদ উপলক্ষে সহজে ভারতীয় ভিসা পাওয়ার কারণে বাংলাদেশি ভ্রমণকারী সংখ্যা বেশি বলে ইমগ্রেশন সংশ্লিষ্টদের মত।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ইকবাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বাভাবিক সময়ে প্রতিদিন বেনাপোল দিয়ে তিন থেকে সাড়ে তিন হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু গত কয়েক দিনে যাত্রীর ভিড় বেড়ে দ্বিগুণ হয়েছে।
এবার ভারত ভ্রমণেচ্ছুদের চাপ অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। গত তিন দিনে এই পথ দিয়ে অন্তত ১৫ হাজার যাত্রী আসা-যাওয়া করেছেন বলে জানান তিনি।
“কম জনবল নিয়ে যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তারপরও যাত্রীদের ভোগান্তি কমাতে এবং দ্রুত আনুষ্ঠানিকতা শেষ করার জন্য ইমিগ্রেশন ভবনে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। ইমিগ্রেশন চত্বরে পুলিশের জনবলও বাড়ানো হয়েছে।”
মঙ্গলবার সকালে সরেজমিন চেকপোস্ট এলাকা ঘুরে দেখা গেছে, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন ও শুল্ক ভবনের সামনে ঝিরঝিরে বৃষ্টিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন কয়েক হাজার নারী পুরুষ ও শিশু। পাসপোর্টের আনুষ্ঠানিকতা সারতে শুল্ক কর্মকর্তা ও ইমিগ্রেশন পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। লাইন ঠিক রাখতে বিজিবিও দায়িত্ব পালন করছিল।
ঢাকার জিঞ্জিরার মোহাম্মাদ সেলিম মঙ্গলবার সকালে কলকাতা থেকে কেনাকাটা সেরে দেশে ফিরেছেন। বেনাপোলে একটি বাসের কাউন্টারে কথা হয় তার সঙ্গে।
সেলিম বলেন, “প্রতিবার ঈদের কেনাকাটা করতে কলকাতা যাই, তবে চেকপোস্টে এমন ভিড় কখনও দেখিনি।”
কলকাতার গৌতম মল্লিক ঢাকার ফরিদাবাদ আত্মীয় বাড়ি বেড়াতে এসেছেন।
দুপারেই ইমিগ্রেশনে যাত্রীদের প্রচুর ভিড় থাকায় পাসপোর্টের কার্যাদি সম্পন্ন করতে একঘণ্টা অপেক্ষা করতে হয়েছে বলে তিনি জানান।
ডাক্তার দেখানোর জন্য ভারত যাচ্ছেন রাজধানীর উওরা ৪ নম্বর সেক্টরের বাসিন্দা জাহিদুল ইসলাম।
তিনি বলেন, “কাজের ব্যস্ততার কারণে এতদিন সময় করে উঠতে পানিনি। লম্বা ছুটি পাওয়ার সুযোগ কাজে লাগাচ্ছি।”
