যশোরে আ.লীগ নেতা হত্যার আসামি খুন
যশোরের ঝিকরগাছায় গদখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম হত্যা মামলার প্রধান আসামিকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাতে উপজেলার গদখালী ইউনিয়নের মঠবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে ঝিকরগাছা থানার ওসি মোল্লা খবির আহমেদ জানান।
নিহত হাসান (৪২) সরদার দখালী ইউনিয়ন পরিষদের সদস্য রাহাত জানের ভাই। হাসানও আওয়ামী লীগের স্থানীয় কর্মী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, রাত আড়াইটার দিকে বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে দুর্বৃত্তরা মাথায় গুলি করে হাসানকে হত্যা করে। তারা রাহাতের ঘরের দরজাও ভাঙার চেষ্টা করে।
“প্রতিবেশীরা টের পেয়ে এগিয়ে গেলে হামলাকারীরা ৪/৫টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।”
গদখালীর ফুলের বাজার নিয়ন্ত্রণ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার ও রাহাতের মধ্যে দ্বন্দ্ব ছিল জানিয়ে ওসি বলেন, “এর জেরে হাসানকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।”
২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে নৌকা মার্কার বিপক্ষে ‘বিদ্রোহী’ প্রার্থীর হয়ে কাজ করায় গদখালি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও গদখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলামতে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
ওই ঘটনায় পরিবারের পক্ষ থেকে যে মামলা করা হয়েছিল, তার প্রধান আসামি ছিলেন হাসান।
এছাড়া আওয়ামী লীগ কর্মী মোমিনকে হত্যা চেষ্টাসহ একাধিক সন্ত্রাসী ঘটনায় হাসানের জড়িত থাকার অভিযোগ ছিল বলে জানান ওসি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ বলেন, দলের কোনো পদে না থাকলেও হাসান আওয়ামী লীগেরই কর্মী ছিলেন।
