মাগুরায় ‘মেক্সিকান’ ফল ড্রাগন
বাণিজ্যিকভাবে ‘মেক্সিকান’ ফল ড্রাগনের চাষ শুরু হয়েছে মাগুরায়।
সদর উপজেলার রাওতড়া গ্রামের শওকত হোসেনসহ কয়েকজন কৃষক এ ফলের চাষ শুরু করেছেন। প্রায় সোয়া বিঘা জমিতে ড্রাগন চাষে তার খরচ হয়েছে ২০ হাজার টাকা।
চলতি মৌসুমে কমপক্ষে দুই লাখ টাকার ড্রাগন বিক্রির আশা করছেন কৃষক শওকত হোসেন।
তার দেখাদেখি আরও পাঁচজন কৃষক ড্রাগন চাষ শুরু করেছেন বলে জানিয়েছে কৃষি বিভাগ।
শওকতের বাগানে ড্রাগন ফল দেখতে প্রতিদিন শত শত মানুষ আসছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
গতানুগতিক ফসলে লাভের মুখ দেখে না পেয়ে কৃষি কর্মকর্তাদের পরামর্শে ড্রাগনের চাষ শুরু করেন বলে কৃষক শওকত জানান।
“চলতি বছরের জুন মাস থেকে এ পর্যন্ত ৪০ হাজার ড্রাগন ফল বিক্রি করেছি। রোজা থেকে প্রতি সপ্তাহে ২০-২৫ কেজি করে ড্রাগন বাজারে দিচ্ছি।
প্রতি বছর জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত ফলন পাওয়া যায় জানিয়ে তিনি শওকত বলেন, “ঢাকার ব্যবসায়ীরা বাগান থেকে ৪০০ টাকা কেজি দরে ফল কিনে নিয়ে যাচ্ছেন। তাই এ মৌসুমে কমপক্ষে দুই লাখ টাকা আয়ের আশা করছি।”
মাগুরা হর্টিকালচার সেন্টারের পরিচালক উদ্যানতত্ত্ববিদ আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘মেক্সিকান’ এ ফল বাংলাদেশের আবহাওয়ায় চাষ উপযোগী।
“প্রচণ্ড খরায় একবার সেচ ও জৈব সার দেওয়া ছাড়া ড্রাগন চাষে কোনো বাড়তি খরচ নেই। রোগ বালাই মুক্ত ড্রাগন গাছ একটানা ৩০-৪০ বছর ফল দেয়। টক-মিষ্টি স্বাদের এ ফল ডায়াবেটিস, উচ্চরক্ত চাপ ও শরীরের চর্বি কমায়।”
এ বছর সদরের আরও পাঁচজন কৃষক ড্রাগন চাষ শুরু করেছেন বলেও আমিনুল জানান।
