সৈয়দপুরে ক্রেন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় ক্রেন থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন একজন।
রোববার সকালে কারখানার ক্রেন সপে এই ঘটনা ঘটে বলে জানান সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক নূর আহাম্মদ হোসেন।
নিহত মামুনুর রশীদ (৪৭) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নওখৈর গ্রামের মৃত বশার উদ্দিনের ছেলে।
আহত মোজাম্মেল হককে (৪৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোকছেদুল মোমিন জানান, সকাল ১০টার দিকে ক্রেন দিয়ে কাজ করার সময় অসাবধানতাবশত দুই শ্রমিক মামুনুর রশীদ ও মোজাম্মেল হক পড়ে যান।
“এতে ঘটনাস্থলেই নিহত হন মামুনুর রশীদ।”
সহকর্মীরা মোজাম্মেলকে প্রথমে রেলওয়ে হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান মোমিন।
