বুড়িগঙ্গায় যুবকের বিবস্ত্র লাশ
ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীচর নুরবাগ খেয়াঘাট এলাকায় লাশটি পাওয়া যায় বলে কেরানীগঞ্জ মডেল থানার এসআই সাইদুজ্জামান বাচ্চু জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা আড়াইটার দিকে স্থানীয়রা নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
“মুখে ছোট দাড়িওয়ালা আনুমানিক ৩৪/৩৫ বছরের ওই ব্যক্তির শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”
সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
