২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ভোগের নাম ‘তেলিপাড়া ট্রাক স্ট্যান্ড’

গাজীপুরে চান্দনায় প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে একটি ট্রাক স্ট্যান্ড ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিত্য যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আবুল হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2016, 06:06 PM

Updated : 20 Aug 2022, 01:07 PM

চান্দনা চৌরাস্তা মোড়ের উত্তর পাশে ‘তেলিপাড়া ট্রাকস্ট্যান্ড’ নামে পরিচিত ওই এলাকায় প্রতিদিন শত শত ট্রাক, পিক-আপ, লরি ও কভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকে। গাড়ি থেকে মালামাল ওঠানো-নামানোর কারণে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

ঈদে ঘরমুখো মানুষের জন্য এ সমস্যা বাড়তি দুর্ভোগের কারণ হতে পারে বলে আশংকা করা হচ্ছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেইনে উন্নীত করার ফলে এই ট্রাক স্ট্যান্ডের জমি মহাসড়কের মধ্যে চলে যায়। এরপর থেকে যানবাহনগুলো মহাসড়কের উপরই রাখছেন চালকরা।

এ পথে চলাচলকারী যানবাহনের চালক, ভোগান্তির শিকার যাত্রী ও স্থানীয়রা এ ট্রাক স্ট্যান্ড এখান থেকে সরানোর দাবি করছেন।

তবে ট্রাক স্ট্যান্ড সরানোর আগে এখানকার গাড়িগুলো অন্য স্থানে রাখার ব্যবস্থা করার কথা বলছেন সংশ্লিষ্ট পরিবহন মালিক, চালক, শ্রমিক এবং স্থানীয় ট্রাক-পিক-আপ-লরি অ্যাসোসিয়েশনের নেতারা।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাক স্ট্যান্ড মহাসড়ক থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার ক্ষমতা হলো গাজীপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষের।

“তবে ঈদে ঘরমুখো মানুষের সমস্যা দেখা দিলে আমরা রাস্তায় ট্রাক দাঁড়িয়ে থাকতে দেব না।”

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ বলেন, সিটি করপোরেশনের তেলিপাড়া ও টঙ্গী ট্রাকস্ট্যান্ড অপসারণ নিয়ে বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ও পরিবহন নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে।

“কিন্তু বিকল্প কোনো স্থান না পাওয়ায় মহাসড়কের পাশ থেকে ওই ট্রাক স্ট্যান্ড দুটি সরানো সম্ভব হচ্ছে না।”

সরেজমিন ঘুরে দেখা যায়, তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে শত শত ট্রাক, পিক-আপ, কভার্ডভ্যান, লেগুনা দাঁড়িয়ে আছে। সেখানে বালিবোঝাই ট্রাক দাঁড় করিয়ে বালি বিক্রি চলছে।

পিক-আপ, কভার্ড ভ্যান ও ট্রাক থেকে মালামাল ওঠানো-নামানোর পাশাপাশি গাড়িগুলো মহাসড়কে ঘুরতে গিয়ে থমকে দিচ্ছে মহাসড়কে গাড়ি চলাচল।

জামালপুরগামী হানিফ পরিবহনের চালক সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তেলিপাড়ার ট্রাক স্ট্যান্ড ও টঙ্গী ট্রাক স্ট্যান্ড আমাদের পথে যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ঈদে মহাসড়কে যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ির চাপ বেড়ে যাবে। তাই ঈদের আগে এ ট্রাক স্ট্যান্ডটি না সরালে মহা ভোগান্তিতে পড়তে হবে।”

ভাওয়াল মির্জাপুর কলেজের শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, “স্বাভাবিক অবস্থায় আধঘণ্টায় আমার গন্তব্যে পৌঁছানো সম্ভব হলেও ট্রাক স্ট্যান্ডগুলোর কারণে এক ঘণ্টায়ও তা সম্ভব হচ্ছে না।”

গাজীপুর ট্রাক-পিকআপ-লরি ড্রাইভার অ্যাসোসিয়েশনের সদস্য মো. জাকির হোসেন বলেন, সংসদ সদস্য প্রয়াত আহসান উল্লাহ মাস্টার ওই মহাসড়কের পাশে ১৯৯৬ সালে একটি ট্রাক স্ট্যান্ড স্থাপন করে দিয়েছিলেন।

“কিন্তু সম্প্রতি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি চার লেইন হওয়ায় ওই স্ট্যান্ডের জমি মহাসড়কের মধ্যে চলে যায়। এ কারণে এ স্ট্যান্ডের ট্রাক, লরি, পিক-আপ ও কভার্ড ভ্যান মহাসড়কের উপরই রাখতে হচ্ছে।”