ফরিদপুর থেকে অস্ত্র-গুলিসহ আটক ১১
মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা, মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে ১১ জনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর রূপাতলীতে র্যাব-৮-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ফরিদপুরের বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বলেন, প্রথমে বরিশাল-ফরিদপুর মহাসড়কের হামিরদিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
“পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ভাঙ্গার হেলিপ্যাড এলাকায় অভিযান চালিয়ে আরও আটজনকে আটক করে র্যাব।”
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি শুটার গান, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, তিনটি রামদা, ২৩টি মোবাইল ফোন, ৬০টি সিম কার্ড ও মাদকদ্রব্য উদ্ধার হয় বলে তিনি জানান।
আটককৃতরা হলেন -ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল এলাকার ইমাম হোসেন পলাশ (২৪), কৃষ্ণকান্ত মজুমদার (৪০), ইসরাফিল মাতবর (২৫), মো. আসাদুর রহমান (২০), রবিচন্দ্র দাস (২৬), নুর হোসেন (২৮), জুয়েল মাতবর (২০), মো. সোহেল মাতবর (২৫), রাদেশ সাম মণ্ডল (৫৫) ও রাজধানীর যাত্রাবাড়ী এলাকার সুমন হোসেন (২৩)। আর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার নাম দেওয়া হল না।
র্যাব কর্মকর্তা বলেন, আটককৃতরা মোবাইল ফোনে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও মোবাইল ফোন কোম্পানির কাস্টমার কেয়ার সেন্টারের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছিল।
“এছাড়া তারা রাতে মহাসড়কে চলাচলকারী যানবাহনে ডাকাতি করত।”
আটককৃতরা ছিনতাইসহ আরও নানা অপরাধের সাথে জড়িত বলেও তিনি জানান।
