মাটিরাঙ্গায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় এক দম্পতির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ, জমির বিরোধে যাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার সকালে মরা পাইফ্যা লেকপাড় থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানান মাটিরাঙ্গা থানার ওসি শাহাদাৎ হোসেন টিটু।
নিহতরা হলেন উপজেলার পূর্ব খেদাছড়ার এনামুল হক (৪৩) ও তার স্ত্রী পারভীন আকতার (৩৫)।
এনামুলের ছোট ভাই শামীম বলেন, তার ভাই ও ভাবি মঙ্গলবার বিকালে নিজেদের লেক দেখার জন্য দুই কিলোমিটার দূরে মরা পাইফ্যা এলাকার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
বুধবার সকালে মরা পাইফ্যা লেকপাড়ে দুইজনের ক্ষতবিক্ষত লাশ দেখে পুলিশে খবর দেন বলে তিনি জানান।
ওসি শাহাদাৎ বলেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। জমির বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সুপার মো. মজিদ আলী ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
