২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার শিরিন হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

বগুড়ার শিরিন আক্তার হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড ও তার তিন সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজশাহীর একটি আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2016, 04:43 PM

Updated : 20 Aug 2022, 01:06 PM

বুধবার দুপুরে রাজশাহী দ্রুত বিচার টাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলু রহমান এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সোহেল ইবনে করিম (৩৫) বগুড়ার আদমদিঘী তালশন এলাকার আবদুল করিমের ছেলে। তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

যাবজ্জীবন দণ্ডিতরা হলেন, বগুড়ার ফুলবাড়ি সরকারপাড়ার মনিরুজ্জামান সরকারের ছেলে শাকিল সরকার (২৮), আদমদিঘীর কুসুমবি এলাকার সন্তোষ চন্দ্র ঘোষের ছেলে সেনগুপ্ত ঘোষ (৩৫), দুপচাঁচিয়ার বাটাহারা কনকার্জ এলাকার খয়বর আলীর ফকিরের ছেলে আহাদ আলী (৪০)।

এদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাভোগ করতে হবে।  

দণ্ডপ্রাপ্তদের মধ্যে সোহেল ও আহাদ পলাতক রয়েছেন।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এনতাজুল হক বাবু জানান, ২০১২ সালের ১৩ ডিসেম্বর বিকালে বগুড়া সদর উপজেলার ডুমরি গ্রামে শিরিনের বাবার বাড়িতে সোহেল ও তার তিন সহযোগী শিরিনকে নির্যাতন করে।

“এক পর্যায়ে তারা শিরিনের পায়ের রগ কেটে দেয়। পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে আসামিরা পালিয়ে যায়।”

এরপর স্থানীয় হাসপাতাল ও ঢাকায় দীর্ঘদিন চিকিৎসার পর অবস্থা উন্নতি না হলে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। নিজ বাড়িতে ২০১৩ সালের ২৬ অগাস্ট শিরিনের মৃত্যু হয় বলে মামলার অভিযোগে বলা হয়।

আইনজীবী এনতাজুল জানান, শিরিনের উপর হামলার পরদিন (১৪ ডিসেম্বর) শিরিনের বাবা বগুড়া সদর থানায় সোহেলের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৫/৬ জনকে আসামি করে মামলা করেন।

তদন্ত শেষে এ চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।