মানিকগঞ্জের হত্যা মামলার আসামি ফেনীতে গ্রেপ্তার
মানিকগঞ্জের এক হত্যা মামলার পলাতক আসামিকে ফেনীতে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার ভোরে ফেনী শহরের মহিপালে জামাল হোসেনকে (১৮) আটক করা হয় বলে র্যাব-৭ ফেনী ক্যাম্পের পরিচালক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান।
জামাল মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মিরপুর গ্রামের মো. জসিম খানের ছেলে।
র্যাব কর্মকর্তা শাফায়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টাঙ্গাইলের সুফিয়া আক্তার (১৬) হত্যা মামলার আসামি জামাল হোসেন পলাতক ছিলেন। ভোরে মহিপাল এলাকার একটি ফলের আড়তের পেছনের একটি বাসায় জামালের অবস্থানের গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তিনি বলেন, গত ১৮ এপ্রিল টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মতিয়ার রহমানের মেয়ে সুফিয়া নিখোঁজ হন। এর দুইদিন পর মানিকগঞ্জের শিবালয় উপজেলার নীলগ্রামের একটি ভুট্টা ক্ষেতে তার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় সুফিয়ার বাবা জমিালের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও দুইজনকে আসামি করে শিবালয় থানায় মামলা করেন। সুফিয়াকে অপহরণের পর হত্যার কথা মামলায় উল্লেখ রয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।
জামালকে শিবালয় থানায় হন্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান জামিল।
