লক্ষ্মীপুরে অটোরিকশা-মোটর সাইকেল সংঘর্ষে এসআই নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলায় অটোরিকশার সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে পুলিশের এক এসআই নিহত হয়েছেন।
নিহত মো. কামাল উদ্দিন (৩৮) লক্ষ্মীপুরের কোন থানায় কাজ করতেন সেটি জানা যায়নি।
লক্ষ্মীপুর পুলিশের এএসপি (সার্কেল) নাসিম মিয়া জানান, বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বিজয় নগর এলাকায় দুর্ঘটনায় আহত হওয়ার পর সন্ধ্যা ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার বিজয় নগর এলাকায় মোটর সাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মারাক্তক ভাবে আহত হন এসআই কামাল।
এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে । পরে ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, এসআই কামালকে যখন হাসপাতালে আনা হয় তখন তার জ্ঞান ছিল না।
প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
এরপর সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে এসআই কামালের মৃত্যুর খবর পাওয়া যায় বলে জানান এএসপি নাসিম মিয়া।
