২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘অযথাই’ পরীক্ষায় বাধ্য করেছিলেন সেই চিকিৎসক

শরীয়তপুর সদর হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে বিড়ালের কামড় খাওয়া এক নারীকে ‘অযথা হয়রানি’ করার অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছেন সিভিল সার্জন।

কে এম রায়হান কবীর

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2016, 07:32 PM

Updated : 20 Aug 2022, 01:01 PM

চিকিৎসক সুমন পোদ্দার নামের ওই চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তর বরাবর তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে বলেও সোমবার জানান সিভিল সার্জন ডা. মসিউর রহমান।

এ নিয়ে চিকিৎসক সুমন কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হননি। 

গত ১০ জুন শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকার দিনমজুর শাহজাহান সরদারের স্ত্রী রেহানা বেগমকে বিড়ালে কামড় দেয়। এরপর তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রেহানা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেসময় কর্তব্যরত চিকিৎসক সুমন পোদ্দার তাকে বিড়ালের কামড়ের ভ্যাকসিন না দিয়ে পাঁচটি পরীক্ষা করতে বলেন।

“আমি বার বার বিড়ালের কামড়ের ওষুধ দিতে বললেও ডাক্তার পরীক্ষা করাতে বাধ্য করেন।”

রেহানা বলেন, পরীক্ষাগুলো করার পর তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং এরপর তাকে কয়েকটি ইনজেকশন দিতে বলেন।

পরামর্শপত্রে লেখা ইনজেকশনগুলো হল ক্লিনোসল, টপসেফ, এক্সন, ডিসোপেন ও সেরিটন।

ডাক্তারের পরামর্শে পরীক্ষাগুলো করাতে তিন হাজার ২০০ টাকা খরচ হয় বলে জানান রেহানার স্বামী দিনমজুর শাহজাহান।

ঘটনা নিয়ে রোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ১২ জুন জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুনীর আহমদ খানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়।

সিভিল সার্জন মসিউর বলেন, “রোববার সকালে কমিটি প্রতিবেদন দিয়েছে। তা পর্যালোচনায় সুমন কুমার পোদ্দার রোগীকে হয়রানি করেছেন বলে প্রমাণিত হয়েছে।

“তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তর বরাবর তদন্ত প্রতিবেদনটি পাঠানো হয়েছে।”

প্রতিক্রিয়া জানতে চাইলে সুমন কুমার পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্ত প্রতিবেদন বিষয়ে আমি শুনেছি, এ নিয়ে আমার কোনো কিছু বলার নেই।” 

পুরনো খবর:

শরীয়তপুর হাসপাতালে হয়রানির অভিযোগ, তদন্তে কমিটি