অপহৃত তরুণী জাবির সাবেক ছাত্রী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা থেকে রোববার দুপুরে অপহৃত তরুণীর বিশ্ববিদ্যালয়েরই সাবেক ছাত্রী।
অপহৃত মেয়েটি (২৮) বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী ও সম্প্রসারিত আল বেরুনী হলের এক কর্মচারীর মেয়ে বলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী জানান।
রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় কর্মচারী ক্লাবের সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় মাইক্রোবাসে আসা কয়েকজন।
এ ঘটনায় মেয়েটির ছোট ভাই বলেন, “এখনও আমরা কাউকে সন্দেহ করতে পারছি না। কারও সাথে আপুর দ্বন্দ্ব ছিল বলেও পরিবারের কারও জানা নেই।”
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিষয়টি জানার পর সেখানে গিয়েছিলাম। আশুলিয়া ও সাভার থানায় ফোন দিয়ে বিষয়টি জানিয়েছি।”
প্রক্টর তপন কুমার সাহা ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন বলে জানিয়েছেন।
আশুলিয়া থানার ওসি মুহসিনুল কাদির বলেন, “ঘটনার পরপরই পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তরুণী নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছিল। এখন আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
