সালিশে চুরির সাজার পর তরুণের আত্মহত্যা
সালিশে মুরগি চুরিতে দোষি সাব্যস্ত করে সাজা দেওয়ার পর আত্মহত্যা করেছেন গোপালগঞ্জের এক তরুণ।
সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের খালিয়া গ্রামে রিপন মজুমদার (২০) নামে ওই তরুণ বৃহস্পতিবার বিষপান করেছিলেন। শুক্রবার গোপালগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
গ্রামের বাসিন্দারা জানান, গত বুধবার রাতে সালিশে মুরগি চুরির জন্য দোষি সাব্যস্ত করে জরিমানা করার কারণেই এই তরুণ বিষপান করেন।
বিষয়টি পুলিশ তদন্ত করছে বলে সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আবদুস সোবাহান জানিয়েছেন।
নির্মল কুমার মজুমদার ও কবিতা মজুমদারের ছেলে রিপন কৃষিশ্রমিক করতেন। তার ভাইসহ পরিবারের অন্যরাও তাই।
শনিবার ওই বাড়িতে গেলে রিপনের বাবা-মাকে আহাজারি করতে দেখা যায়। তার বড় ভাই মিল্টন মজুমদার মাতবরদের হুমকিতে গা ঢাকা দিয়েছেন বলে প্রতিবেশীরা জানায়।
গ্রামবাসী জানায়, গত ১০ জুন রাতে গ্রামের মরণ ও স্বপনের বাড়ি থেকে তিনটি মুরগি চুরি হয়। তা নিয়ে বুধবার রিপনের বাড়িতে সালিশ বসানো হয়।
জালালাবাদ ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ইকরাম সমাজদার, মশার আলী মোল্লা, মনির শেখ, বাবলু মোল্লা ও খালিয়া ইউনাইটেড একাডেমির এমএলএসএস গোবিন্দ সরকার এ সালিশ পরিচালনা করেন।
সালিশে রিপন ও তার সঙ্গী বিভাসকে ৩০০ টাকা করে মোট ৬০০ টাকা জরিমানা করা হয়।
সালিশকারী মশার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিপন ও বিভাস তাদের আরও দুই সহযোগীকে নিয়ে দুটি পরিবারের তিনটি মুরগি চুরি করে খেয়েছে। এ জন্য সালিশ করা হয়।”
তবে রিপনের বাবা নির্মল বলেন, “আমার ছেলে মুরগি চুরি করেনি। মিথ্যা চুরির অপবাদে বিচার করায় রিপন অভিমান ও মনোকষ্টে বিষপান করে।”
গ্রামবাসী কয়েকজন বলেন, গত ইউপি নির্বাচনে ইকরাম সমাজদারকে ভোট দেয়নি রিপনের পরিবার। তাও এই সালিশে ভূমিকা রেখেছে। আর ইউপি সদস্যের লোক হয়ে কাজ করেছেন গোবিন্দ।
তবে গোবিন্দ এই অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার দিন স্কুলের কাজে আমি ঢাকা ছিলাম। পরে গ্রামে এসে এ খবর জানতে পারি।”
তবে ইউপি সদস্য ইকরাম সমাজদার বলেন, তিনি ও গোবিন্দ সরকারসহ পাঁচজনব সালিশে ছিলেন।
“অভিযুক্তদের ৬০০ টাকা জরিমানা করে আমি চলে আসি। এরপর তো আর কিছু জানি না।”
এসআই আবদুস সোবাহান বলেন, ময়নাতদন্তের পর রিপনের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
“এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিপনের মা ও বাবাকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে তাদের সঙ্গে কথা বলা হয়েছে।”
