২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘টার্গেট কিলিং’ প্রতিরোধে জনতার হাতে লাঠি

দেশজুড়ে হত্যা-হামলার ঘটনার প্রেক্ষিতে বাগেরহাটে জনতার হাতে বাঁশি ও বাঁশের লাঠি দিয়েছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2016, 09:20 PM

Updated : 11 Oct 2022, 08:23 PM

জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম ও পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যার উদ্যোগে শুক্রবার সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের কাড়াপাড়া গ্রামে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে জেলার সব ইউনিয়নে করা হবে।

জেলার নয় উপজেলার ৭৫টি ইউনিয়নের ৬৭৫ ওয়ার্ডে ‘ডিফেন্স পার্টি’ গঠন করা হবে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ, মসজিদের ইমাম ও পুরোহিত থাকবে। প্রত্যেক কমিটিকে বাঁশের লাঠি ও বাঁশি দেওয়া হবে।

ডিফেন্স পার্টির সদস্যরা এলাকায় কোনো সন্দেহভাজন ব্যক্তি দেখলে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে।

জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম বলেন, দেশের বিভিন্ন স্থানে যেভাবে ‘টার্গেট কিলিং’ চলছে তাতে সাধারণ মানুষ আতঙ্কিত। জেলার নয় উপজেলায় অন্তত ১৫ লাখ মানুষের বসবাস। বাগেরহাটে যাতে কোনো টার্গেট কিলিং না হয় সেজন্য সবার সঙ্গে আলোচনা করে ডিফেন্স পার্টি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জনতা যদি এখনই সতর্ক হয় তাহলে এখানে কেউ গুপ্ত হত্যা চালাতে পারবে না বলে মনে করেন তিনি।

পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা বলেন, বাগেরহাটে জনসংখ্যার তুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কম। জেলার সব জনগণকে নিরাপত্তা দেওয়া পুলিশের জন্য দুরূহ। তাই টার্গেট কিলিং প্রতিরোধ করতে ওয়ার্ডে ওয়ার্ডে ডিফেন্স পার্টি গঠন করা হয়েছে।

“জনতা সতর্ক থাকলে কেউ অপরাধ সংগঠিত করে পালাতে পারবে না। তারা এলাকায় অপরিচিত কাউকে দেখলে তাদের পুলিশের হাতে তুলে দেবেন।”

তবে কাউকে আইন নিজ হাতে তুলে না নিতে পরামর্শ দেওয়া হয়েছে, বলেন এসপি।

কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যাদের নিয়ে ডিফেন্স পার্টি গঠন করা হয়েছে তারা যার যার এলাকায় পালাক্রমে পাহারা দেবে। এতে গুপ্ত ঘাতকরা ভয়ে এলাকায় আসতে পারবে না। আবার এলাকায় অপরাধও কমে যাবে।

এর আগে একইভাবে মাগুরা ও চুয়াডাঙ্গায় ডিফেন্স পার্টি গঠন করেছে প্রশাসন।