নীলফামারীতে অস্ত্রসহ দম্পতি আটক
নীলফামারীর ডোমারে অস্ত্রসহ এক দম্পতিকে আটক করা হয়েছে; যারা অস্ত্র বেচা-কেনায় জড়িত বলে দাবি র্যাবের।
শুক্রবার উপজেলার রেলঘুমন্টি মোড় থেকে তাদের আটক করা হয় বলে র্যাব-১৩ এর নীলফামারী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান।
আটকরা হলেন ডোমার উপজেলার নূর ইসলাম (৩৫) ও তার স্ত্রী রোকেয়া বেগম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাহমুদুল বলেন, সকালে গোপন সংবাদ পেয়ে রেলঘুমন্টি মোড়ে অভিযান চালিয়ে এ দুজনকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হয়।
“এ সময় নূর ইসলামের স্ত্রীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি ভরতি দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।”
তিনি বলেন, আটককৃতরা র্দীঘদিন ধরে ভারত থেকে চোরাই পথে অস্ত্র কিনে এনে নীলফামারীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।
