জমি নিয়ে বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা
ফরিদপুরের বোয়ালামারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবলকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক নারীর বিরুদ্ধে। ওই হামলায় আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার ময়রা ইউনিয়নের টেয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে বোয়ালমারী থানার এসআই মোশাররফ হোসেন জানান।
নিহত রাজ্জাক মৃধা (৬৫) ওই গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় আহত হন রাজ্জাকের দুই ভাই বাশার ও আবুল হোসেন। তাদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই মোশাররফ বলেন, গ্রামের একখণ্ড জমি নিয়ে রাজ্জাকের সঙ্গে স্থানীয় সিরাজুল ইসলামের বিরোধ চলছিল। সন্ধ্যা ৬টার দিকে এ নিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে সিরাজুলের স্ত্রী বটি দিয়ে রাজ্জাককে কোপালে ঘটনাস্থলেই মারা যান তিনি। বাশার ও আবুল ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে বটির কোপে তারাও আহত হন ।”
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।
