বিশ্ববিদ্যালয়ের বাসচাপায় ছাত্র নিহত
দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বাসের চাপায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকমকে জানান।
নিহত মীর মনিরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের ছাত্র। চিরিরবন্দর উপজেলায় তার বাড়ি।
এ ঘটনায় বাস চালক টংকু সরেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি।
জনসংযোগ কর্মকর্তা মমিনুল বলেন, ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে উঠার সময় মনিরুজ্জামান আকস্মিক নিচে পড়ে যায়। চালক বিষয়টি টের না পেয়ে গাড়ি টান দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
“দুর্ঘটনার পর চালকের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে দিনাজপুর-ঠাকুরগাঁও সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় পুলিশ বাধা দিলে ছাত্র-পুলিশ সংঘর্ষ বেঁধে যায়।”
পরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বিকাল ৫টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
